এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
জামায়াত
থেকে সংসদ সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, পেয়েছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ
দায়িত্ব ও সম্মান। তবু বদলায়নি জীবন-যাপনের ধরণ। ক্ষমতা কিংবা পদ-পদবির জৌলুশ তাঁকে
টানেনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও ছেড়ে যাননি দীর্ঘদিনের পুরোনো ছোট্ট হোমিওপ্যাথিক
চেম্বার। এখনো আগের মতোই সেখানে বসেন, রোগীদের কথা শোনেন, অসুস্থতার খোঁজ নেন এবং দেন
চিকিৎসা পরামর্শ। সাদামাটা জীবনযাপন আর সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য
দিয়েই যেন নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন তিনি।
বলছি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের
সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের
কথা। একসময় পেশায় ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে
অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন রণাঙ্গনে। স্বাধীনতার পর দীর্ঘদিন শিক্ষকতা
ও হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছেন। জীবনের দীর্ঘ পথচলায়
জনপ্রতিনিধি হওয়ার সুযোগ এলেও বদলে যায়নি তাঁর জীবনযাপনের অভ্যাস। সংসদ সদস্য নির্বাচিত
হওয়ার পরও ধরে রেখেছেন সেই পুরোনো সরলতা। বাংলাদেশসংবাদ
সম্প্রতি তাঁর পুরোনো হোমিওপ্যাথিক
চেম্বারে বসে রোগী দেখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা
শুরু হয়।
স্থানীয়দের অনেকেই তাঁর এমন জীবনযাপনকে
ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে তাঁর
মেলামেশা, আন্তরিকতা কিংবা দৈনন্দিন অভ্যাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চেম্বারে
বসে রোগীদের সময় দিচ্ছেন, শুনছেন তাঁদের সমস্যার কথা।
দলীয় নেতাকর্মীদের মতে, জামায়াতে ইসলামীর
আদর্শ এবং সাহাবায়ে কেরামদের অনাড়ম্বর জীবনযাপন থেকে অনুপ্রাণিত হয়েই তিনি সাদামাটা
জীবনধারা বজায় রেখেছেন। তাঁদের দাবি, পদ-পদবি কিংবা ক্ষমতার প্রভাব নয়, বরং সাধারণ
মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখাকেই গুরুত্ব দেন তিনি।
রাজনীতিতে পদ-পদবি ও ক্ষমতার প্রভাব
অনেক সময় জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করে। সেখানে একজন সংসদ সদস্যের
পুরোনো চেম্বারে ফিরে গিয়ে রোগীদের সময় দেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি
আকর্ষণ করেছে। তবে জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব কেবল ব্যক্তিগত সরলতা কিংবা পুরোনো
পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, জনগণের
অধিকার রক্ষা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে
হবে।
তবু মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা,
তাঁদের কথা শোনা এবং সাধ্যের মধ্যে সেবা দেওয়ার মানসিকতা একজন জনপ্রতিনিধির জন্য নিঃসন্দেহে
ইতিবাচক দৃষ্টান্ত। কারণ, মানুষের ভালোবাসা অর্জনে সব সময় ক্ষমতার প্রদর্শন কিংবা আড়ম্বরপূর্ণ
আয়োজনের প্রয়োজন হয় না। বরং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং তাঁদের পাশে
দাঁড়ানোর মধ্য দিয়েই তৈরি হয় প্রকৃত জনসম্পৃক্ততা।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের
পুরোনো ছোট্ট চেম্বারে রোগী দেখার এই দৃশ্য তাই নতুন করে মনে করিয়ে দেয় পদ-পদবি একজন
মানুষের পরিচয়কে বড় করতে পারে। কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে দেয় তাঁর কর্ম, আচরণ
ও মানবিকতাই।