সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী
১৩ মিনিট আগে বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
সিঙ্গাপুরের
অনেক নির্মাণ প্রকল্পের পেছনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। উন্নত ভবিষ্যতের আশায় পরিবারের কাছ থেকে বছরের পর বছর দূরে
থেকে কাজ করেন তারা। বাংলাদেশের এক শ্রমিকের ক্ষেত্রে
সেই ত্যাগের পরিণতি হয়েছে গর্বের এক মুহূর্তে। সিঙ্গাপুরে
টানা ১৪ বছর কাজ
করে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন তিনি। এবার সেই বাড়ি ঘুরিয়ে দেখাতে নিজের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সুমন তার নিয়োগকর্তাকে বাংলাদেশে স্বাগত জানান এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে গড়ে তোলা বাড়িটি নিজেই ঘুরিয়ে দেখান। এ নিয়ে বিস্তারিত
প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন এশিয়া ওয়ান। এতে বলা হয়, বাংলাদেশের উল্লেখযোগ্য বাড়িঘর তুলে ধরে ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ
ব্লগ’। তাদের আপলোড
করা একটি বাড়ি ঘুরে দেখানোর ভিডিওতে স্থান পেয়েছে সুমনের বাড়িটি। ভিডিওটি এরই মধ্যে ৪৬ লাখের বেশি
বার দেখা হয়েছে এবং এতে লাইক পড়েছে ১ লাখ ৬০
হাজারের বেশি।বাংলাদেশ ভ্রমণ
‘হোসেন
ভিলা’ নামের বাড়িটির আয়তন ২ হাজার ৫০০
বর্গফুট। বাড়ির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রয়েছে। যে দেশকে তিনি
নিজের বাড়ি বলে মনে করেন এবং যে দেশে বছরের
পর বছর জীবিকা অর্জনের জন্য কাটিয়েছেন, সেই দুই দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই পতাকা দুটি স্থাপন করেছেন তিনি। প্রবেশপথ পেরিয়ে ভিডিওতে দর্শকদের দেখানো হয় বিশাল বহুতল
বাড়িটি। বাড়িতে রয়েছে সুপরিসর আঙিনা, দৃষ্টিনন্দন বিশাল প্যাঁচানো সিঁড়ি এবং তিনতলায় বিস্তৃত পাঁচটি শয়নকক্ষ। ভিডিওতে সুমন জানান, তিনি বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। সিঙ্গাপুরে অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র প্রকল্পে
কাজ করার অভিজ্ঞতা নিজের বাড়ির নকশা ও সাজসজ্জার কিছু
সিদ্ধান্ত নিতে তাকে প্রভাবিত করেছে।
তিনি
আরও জানান, বাড়িটি নির্মাণ করতে নিজের সঞ্চয় থেকে প্রায় ২ লাখ ৫০
হাজার ডলার ব্যয় করেছেন। তবে এই অর্জনের সবচেয়ে
গর্বের বিষয় শুধু বাড়িটি নয়, বরং নিজের এই দীর্ঘ যাত্রার
সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার সুযোগ। বিশেষ করে তার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাড়িটি দেখাতে পেরে তিনি আনন্দিত। ভিডিওতে ওই নিয়োগকর্তার পরিচয়
প্রকাশ করা হয়নি। বাড়ি ঘুরে দেখার সময় সুমনের নিয়োগকর্তা তাকে এই অর্জনের জন্য
অভিনন্দন জানান। পাশাপাশি সুযোগ হলে নিজের সম্প্রদায়ের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোরও পরামর্শ দেন। তিনি এমন একটি বাড়ি নির্মাণের জন্য সুমনের প্রশংসা করেন, যেখানে তার পুরো পরিবার একসঙ্গে থাকতে পারবে। বছরের পর বছর ধরে
যে লক্ষ্য অর্জনের জন্য সুমন পরিশ্রম করেছেন, তা পূরণ হতে
দেখে তিনি আনন্দিত বলেও জানান। ভিডিওতে সুমন উল্লেখ করেছেন, তিনি এখনো সিঙ্গাপুরে কাজ করছেন।
ভিডিওটির
মন্তব্যের ঘরে অনেক দর্শক সুমনের বাড়ির নকশা ও সৌন্দর্যবোধের প্রশংসা
করেছেন। পাশাপাশি এই অর্জনের জন্য
তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের কাছে বিশাল এই বাড়িটি কেবল
একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়। বরং পরিবারের উন্নত ভবিষ্যৎ গড়তে অভিবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের এক
স্মারক হয়ে উঠেছে বাড়িটি।