৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
৫০ মিনিট আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রিয়নবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর জীবনাদর্শ, মানবিকতা, ভালোবাসা ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আগামী ৭ সেপ্টেম্বর কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬।
আলোচিত এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের পরিচিত তিন ইসলামিক স্কলার ও বক্তা—শায়েখ সাইফুল আজম বাবর আযহারী, সৈয়দ সাইফুল ইসলাম বারী ও সৈয়দ হাসান আযহারী।
তিন বক্তার উপস্থিতিকে ঘিরে ইতোমধ্যে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আয়োজনটির প্রচারণা চলছে। আয়োজকদের প্রত্যাশা, কুমিল্লা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এ অনুষ্ঠানে অংশ নেবেন।
আয়োজকরা বলছেন, শুধু ধর্মীয় আলোচনা নয়, বরং নবীজির (ﷺ) আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সুন্দর সমাজ গঠনের পথে উৎসাহিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এক মঞ্চে তিন আলোচিত ইসলামিক স্কলার—৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তাই ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হওয়ার অপেক্ষায়।