ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

Bortoman Protidin

১২ মিনিট আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬


#

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা কিশোর গ্যাং নেতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে (৩৩) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোনে চাঁদা দাবি ও আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের একটি মার্কেটের আবাসিক এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। গণমাধ্যমকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় ব্যবহার করে ফোনে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে এলে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের ধারাবাহিকতায় শাওনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে শাওন জানান, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও স্বীকার করেছেন, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে সংরক্ষণ করতেন তিনি। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতেন। অর্থাৎ, আগ্নেয়াস্ত্র সরাসরি ব্যবহার না করেও সেগুলোর ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় পৃথক দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে শাওনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, প্রদর্শিত আগ্নেয়াস্ত্রের প্রকৃত উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আগ্নেয়াস্ত্র সরাসরি ব্যবহার না করেও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান, গত মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

#

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

#

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

#

আজ সিঙ্গেল দিবস

#

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

#

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

#

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

#

সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’

#

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

#

পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Link copied